গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশ-বিদেশ থেকে পাঠানো মোট ১১ লাখ ৪৩ হাজার ৮৪৫টি পোস্টাল ব্যালট বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্রে জানা গেছে, বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য পাঠানো মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালটের মধ্যে প্রবাসীরা ৫ লাখ ৫৪ হাজার ২৫৮টি ব্যালট সংগ্রহ করেছেন। এদের মধ্যে ভোটদান সম্পন্ন করেছেন ৫ লাখ ৪৩ হাজার ৭৫১ জন। ইতোমধ্যে ৫ লাখ ৩৭ হাজার ৫৫৪ জন ভোটার সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাকবাক্সে তাদের ভোট জমা দিয়েছেন।
এ পর্যন্ত বিদেশ থেকে ৪ লাখ ৯৮ হাজার ২৬৬টি ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে এবং এর মধ্যে ৪ লাখ ৯৫ হাজার ৫৫১টি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের হাতে গিয়েছে।
অন্যদিকে, দেশের ভেতরে ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৬ লাখ ৮১ হাজার ৮১৯ জন ব্যালট সংগ্রহ করেছেন এবং ৬ লাখ ৭৪ হাজার ৩৭৬ জন ভোটদান সম্পন্ন করেছেন। ৬ লাখ ৬৯ হাজার ৯৫০টি ব্যালট পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে।
দেশের অভ্যন্তর থেকে এ পর্যন্ত ৬ লাখ ৪৮ হাজার ২৯৪টি ব্যালট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে প্রাপ্ত সব ব্যালট যাচাই-বাছাই শেষে গণনায় অন্তর্ভুক্ত করা হবে।