প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছে নির্বাচন কমিশন। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশনের ফলাফল ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সিইসি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতিকে যে ওয়াদা আমরা দিয়েছিলাম, সেই ওয়াদা পরিপূর্ণ করতে পেরেছি। আমাদের মধ্যে কোনো ধরনের লুকোচুরি নেই। আমরা সম্পূর্ণ ট্রান্সপারেন্ট একটি নির্বাচন দেওয়ার চেষ্টা করেছি।
সিইসি জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি প্রত্যাশিত ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, “আমরা একটি উৎসবমুখর পরিবেশে নিরপেক্ষ ও ক্রেডিবল নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমরা বিশ্বাস করি, সেটি দিতে পেরেছি এবং সবাই তা স্বীকৃতি দিচ্ছে।
নির্বাচন আয়োজনের নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি বলেন, ১৮ কোটি মানুষের দেশে ১২৭ মিলিয়ন ভোটারের জন্য রেফারেন্ডামসহ প্রায় ২৫৪ মিলিয়ন ব্যালট ছাপানো ও বিতরণ করা হয়েছে, যা ছিল বড় একটি কাজ। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সিইসি আরও বলেন, পারফেক্ট নির্বাচন কোথাও হয় না। কিছু ত্রুটি-বিচ্যুতি থাকতেই পারে। তবে যেকোনো মানদণ্ডে এটি অত্যন্ত ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন।
দেশবাসী, রাজনৈতিক দল, নেতা এবং গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান নির্বাচন কমিশনার।