| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন ঈদের উৎসবের মতো হয়েছে: ইসি

  • আপডেট টাইম: 13-02-2026 ইং
  • 96399 বার পঠিত
নির্বাচন ঈদের উৎসবের মতো হয়েছে: ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঈদের উৎসবের মতো উৎসাহ-উদ্দীপনায় সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) সানাউল্লাহ। তিনি বলেন, সব আশঙ্কা ও শঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন সম্ভব হয়েছে এবং জাতি হিসেবে বাংলাদেশ বিজয়ী হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে আগারগাঁও নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, ১৩ ফেব্রুয়ারির সকালটি দেশের ইতিহাসে একটি ‘শুভ সকাল’ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। গণতন্ত্রের নবযাত্রায় এ নির্বাচন জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, নির্বাচন কমিশনের একমাত্র অঙ্গীকার ছিল আইন প্রয়োগে নির্মোহ থেকে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। সেই লক্ষ্য পূরণে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। কোনো ত্রুটি-বিচ্যুতি হয়ে থাকলে তা অনিচ্ছাকৃত বলে মন্তব্য করেন তিনি।

সানাউল্লাহ আরও বলেন, এ নির্বাচন শুধু সাংবিধানিক দায়িত্ব ছিল না; বরং একটি পবিত্র আমানত হিসেবে কমিশন তা গ্রহণ করেছিল। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সব ধরনের শঙ্কা দূর করেছে।

নির্বাচন প্রক্রিয়ায় সম্পৃক্ত দেশি-বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক, প্রশাসনের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনসিসির শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সমাপনী বক্তব্যে তিনি আশাবাদ ব্যক্ত করেন, দেশের গণতন্ত্র যেন কখনো নির্ধারিত পথ থেকে বিচ্যুত না হয় এবং ভবিষ্যতে আরও উন্নত ও গ্রহণযোগ্য নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হয়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪