ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে ফলাফল তুলে ধরেন ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
ঘোষিত ফল অনুযায়ী আসন বণ্টন হলো—
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি
বাংলাদেশ খেলাফত মজলিস ২টি
ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি
খেলাফত মজলিস ১টি
গণসংহতি আন্দোলন ১টি
বাংলাদেশ জনতা পার্টি (বিজেপি) ১টি
গণঅধিকার পরিষদ ১টি
স্বতন্ত্র প্রার্থী — ৭টি
নির্বাচন কমিশন জানিয়েছে, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এছাড়া একটি আসনের ফলাফল আগেই স্থগিত করা হয়েছিল। এই তিনটি আসনের ফল পরে ঘোষণা করা হবে।
ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, নির্বাচনে মোট ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ। একইসঙ্গে অনুষ্ঠিত গণভোটে ভোট প্রদান করেছে ৬০.২৬ শতাংশ ভোটার। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।
নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের মাধ্যমে নতুন সরকার গঠনের প্রক্রিয়া এখন আরও এক ধাপ এগিয়ে গেলো।