| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা

  • আপডেট টাইম: 14-02-2026 ইং
  • 95728 বার পঠিত
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে পাঠানো এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের সুস্পষ্ট ম্যান্ডেট লাভ করেছে, যা দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্র পরিচালনায় তারেক রহমান প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার প্রতিফলন ঘটিয়ে দেশকে স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবেন।

বার্তায় ড. ইউনূস স্মরণ করেন তারেক রহমানের পিতা জিয়াউর রহমান-এর আদর্শ ও রাষ্ট্রদর্শন এবং তাঁর মাতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর গণতন্ত্রের প্রতি অঙ্গীকার ও আপসহীন নেতৃত্বের কথা। তিনি আশা করেন, তাদের আদর্শ তারেক রহমানের ভবিষ্যৎ পথচলায় দিকনির্দেশনা দেবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপটে এক নতুন সম্ভাবনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা, মানবসম্পদ উন্নয়ন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিতে সক্রিয় অংশগ্রহণের ক্ষেত্রে সমন্বিত ও দূরদর্শী নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য সুদৃঢ় হবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা আরও শক্তিশালী হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

এছাড়া অন্তর্বর্তী সরকারের দায়িত্বপালনকালে তারেক রহমানের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। পরিবর্তনের এই সংবেদনশীল সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার ক্ষেত্রে তাঁর ইতিবাচক অবস্থান জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তিনি।

বার্তার শেষে দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারেক রহমানের সকল উদ্যোগের সফলতা কামনা করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মহান আল্লাহ্ যেন তাঁকে দেশ ও জাতির সেবায় প্রজ্ঞা, ধৈর্য ও দৃঢ়তা দান করেন—এই প্রার্থনাও জানান তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪