আগামী ১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, বিজয়ীদের শপথ গ্রহণ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করা হবে। ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে এটি অনুষ্ঠিত হতে পারে; এর বেশি দেরি হওয়ার সম্ভাবনা নেই।
তবে শপথ কে পড়াবেন সেটি পরবর্তীতে জানানো হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের তালিকার গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সরকারের দায়িত্বগ্রহণ, মন্ত্রিসভার শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু হলো এই গেজেটের মাধ্যমে।
সংবিধান অনুযায়ী, স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পড়াবেন। সেটা না হলে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তির কাছে শপথ নেওয়া যাবে। কিন্তু সংসদ সদস্যদের শপথ গ্রহণের জন্য রাষ্ট্রপতি কাউকে মনোনীত করতে পারেন কিনা, এ নিয়ে প্রশ্ন রয়েছে।
সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে স্পিকার বা ডেপুটি স্পিকার অসমর্থ হলে তিনদিন পরে প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন।