নতুন মন্ত্রিসভার শপথ আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা গঠনের সময় ও প্রক্রিয়া নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “আমরা আশা করছি, আগামী তিন থেকে চার দিনের মধ্যে শপথ অনুষ্ঠিত হয়ে যাবে।” সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ রাষ্ট্রপতিই পড়াবেন বলেও উল্লেখ করেন তিনি। শপথ অনুষ্ঠানে প্রায় এক হাজার দেশি-বিদেশি অতিথি উপস্থিত থাকতে পারেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, শপথ অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। “নিয়মানুযায়ী যদি আমাদের বলা হয় আগামীকাল বা পরশু শপথ হবে, সে প্রস্তুতিও আছে। আবার যদি তিন দিন পরে হয়, সেটিরও প্রস্তুতি নেওয়া হয়েছে,” বলেন তিনি।
তিনি আরও জানান, নির্বাচনের ফলাফলের গেজেট নোটিফিকেশন ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের বিধান রয়েছে। সে অনুযায়ী রোববার থেকে শুরু হয়ে ১৭ তারিখের মধ্যে সংসদ সদস্যদের শপথ সম্পন্ন হবে।
শপথ গ্রহণ শেষে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো তাদের সংসদীয় দলনেতা নির্বাচন করবে। সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যদের নেতা রাষ্ট্রপতির কাছে আস্থাভাজন হওয়ার বিষয়টি অবহিত করলে, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন।
প্রধানমন্ত্রী নিয়োগের পর সুবিধাজনক সময় নির্ধারণ করে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি আশা প্রকাশ করে বলেন, সর্বোচ্চ তিন থেকে চার দিনের মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হতে পারে।
সংসদ সদস্যদের শপথ গ্রহণের দায়িত্ব সংসদ সচিবালয়ের বলে জানান তিনি। বিধান অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ পাঠ করাতে পারেন। প্রয়োজনে তারা কাউকে মনোনয়ন দিতে পারেন। বিশেষ পরিস্থিতিতে প্রধান বিচারপতি বা প্রধান নির্বাচন কমিশনারও শপথ পাঠ করাতে পারেন। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংসদ সচিবালয় নেবে বলেও উল্লেখ করেন তিনি।