| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেড় লাখ আফগানকে ফেরত পাঠিয়েছে ইরান-পাকিস্তান

  • আপডেট টাইম: 14-02-2026 ইং
  • 93913 বার পঠিত
দেড় লাখ আফগানকে ফেরত পাঠিয়েছে ইরান-পাকিস্তান

চলতি বছরের শুরু থেকে প্রায় ১ লাখ ৫০ হাজার আফগান নাগরিক পাকিস্তান ও ইরান থেকে নিজ দেশে ফিরে এসেছেন বলে জানিয়েছে ইউএনএইচসিআর। সংস্থাটি সতর্ক করে বলেছে, এত বিপুল ও দ্রুত প্রত্যাবর্তন ইতোমধ্যেই সংকটে থাকা আফগানিস্তানকে আরও গভীর মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জেনেভায় ব্রিফিংয়ে আফগানিস্তানে UNHCR-এর প্রতিনিধি আরাফাত জামাল বলেন, বছরের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় দেড় লাখ আফগান পাকিস্তান ও ইরান থেকে দেশে ফিরেছেন। কাবুল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি জানান, তীব্র শীত, তুষারপাত ও হিমাঙ্কের নিচে তাপমাত্রার মধ্যে এত মানুষের ফিরে আসা অত্যন্ত উদ্বেগজনক।

ইউএনএইচসিআর জানায়, ২০২৫ সালে ইতোমধ্যে ২৯ লাখ মানুষ দেশে ফিরেছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট প্রত্যাবর্তনের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৫৪ লাখে। সংস্থাটির মুখপাত্র বাবর বালুচ বলেন, গত বছরের একই সময়ের তুলনায় এ বছর প্রত্যাবর্তনের হার ৫০ শতাংশের বেশি বেড়েছে। গত বছর এ সময়ে এ সংখ্যা ছিল এক লাখের কিছু কম।

দশকের পর দশক আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়ার পর সম্প্রতি পাকিস্তান ও ইরান সীমান্তে কড়াকড়ি বাড়িয়ে ব্যাপক বহিষ্কার কার্যক্রম জোরদার করেছে। ফলে লাখ লাখ মানুষ এমন এক দেশে ফিরছেন, যেখানে দারিদ্র্য, মানবাধিকার সংকট, নাজুক অর্থনীতি এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাব বিদ্যমান।

জামাল জানান, ইউএনএইচসিআরের এর জরিপ অনুযায়ী অনেক পরিবারের সদস্যদের নাগরিক নথিপত্র নেই এবং ৯০ শতাংশের বেশি পরিবার দৈনিক ৫ ডলারেরও কম আয়ে জীবনযাপন করছে। টেকসই জীবিকার অভাবে অনেকে আবার দেশ ছাড়ার কথাও ভাবছেন বলে তিনি উল্লেখ করেন।

বর্তমানে ইউএনএইচসিআর পুনর্বাসন ও পুনঃএকীভূতকরণ কার্যক্রমে জোর দিচ্ছে। তবে সংস্থাটি জানিয়েছে, এ বছর বাস্তুচ্যুত ও প্রত্যাবর্তনকারীদের সহায়তায় ২১ কোটি ৬০ লাখ ডলার প্রয়োজন হলেও এখন পর্যন্ত তহবিলের মাত্র ৮ শতাংশ সংগ্রহ হয়েছে।

দীর্ঘ নির্বাসনের পর নিজ দেশে ফিরে আসা আফগানদের জন্য টেকসই সমাধান নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করছে সংস্থাটি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪