জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতৃত্বাধীন সরকার যাত্রা শুরু করতে যাচ্ছে। রীতি অনুযায়ী মন্ত্রিসভার শপথ বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হলেও এবার তা হচ্ছে না। মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। একইস্থানে বিকেল ৪টায় শপথ নেবে নতুন সরকারের মন্ত্রিসভা।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে উঠতে এখনো কিছুটা সময় লাগবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন ‘যমুনা’ ছেড়ে দেওয়ার পর নতুন প্রধানমন্ত্রীকে সেখানে উঠতে হবে।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তিন মেয়াদে গণভবনে থেকেছেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করে অন্তর্বর্তী সরকার। শিগগিরই এটি জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে।