আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার নতুন সরকারের শপথ নেওয়ার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ আঞ্চলিক অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।
সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস রোববার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে, ১৭ ফেব্রুয়ারি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভারতে আসবেন এবং ওইদিন মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোঁর বৈঠকের কথা আছে। যার ফলে বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই ভারতের প্রধানমন্ত্রী মোদির নেই বললেই চলে।
তবে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে ভাইস-প্রেসিডেন্ট অথবা পররাষ্ট্রমন্ত্রীর আসার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির জয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে টেলিফোনে অভিনন্দন জানিয়ে দুই দেশের সম্পর্কের গুরুত্বের ওপর জোর দিয়ে ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, ‘‘গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন থাকা দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে আমি উভয় দেশের জনগণের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতি ভারতের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি।’’