| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাবিব-চঞ্চলসহ ৫ আসামির রায় কবে, জানা যাবে আজ

  • আপডেট টাইম: 15-02-2026 ইং
  • 95043 বার পঠিত
হাবিব-চঞ্চলসহ ৫ আসামির রায় কবে, জানা যাবে আজ

রাজধানীর রামপুরায় জুলাই গণঅভ্যুত্থানের সময় একজনকে আহত ও দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার তারিখ আজ নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল।

রোববার (১৫ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ দেবেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনকে আসামি করা হয়েছে। বর্তমানে গ্রেপ্তার রয়েছেন রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। বাকি চারজন পলাতক। তারা হলেন—খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান এবং রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভুঁইয়া।

গত ৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তি-পাল্টা যুক্তি উপস্থাপন শেষে শুনানি শেষ হয়। সেদিন চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে তার আইনজীবী সারওয়ার জাহান নিপ্পন খালাস দাবি করেন। তিনি বলেন, প্রসিকিউশনের আনা অভিযোগের সঙ্গে তার মক্কেলের কোনো সংশ্লিষ্টতা নেই। পলাতক চার আসামির পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী মো. আমির হোসেন তাদের নির্দোষ দাবি করেন। তবে প্রসিকিউটর মিজানুল ইসলাম তাৎক্ষণিকভাবে এসব যুক্তি খণ্ডন করেন। শুনানি শেষে ট্রাইব্যুনাল রায় ঘোষণার চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য আজকের দিন ধার্য করেন।

এর আগে, ২৯ জানুয়ারি প্রসিকিউশন তাদের যুক্তি উপস্থাপন সম্পন্ন করে। সাক্ষ্য-প্রমাণ, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর জবানবন্দিসহ বিভিন্ন নথিতে পাঁচ আসামির সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে বলে দাবি করে রাষ্ট্রপক্ষ। একইসঙ্গে আসামিদের সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হয়।

গত বছরের ১৮ সেপ্টেম্বর পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-১। এর আগে ৭ আগস্ট ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার বনশ্রী-মেরাদিয়া সড়ক এলাকায় প্রাণ বাঁচাতে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেন আমির হোসেন নামে এক তরুণ। অভিযোগ রয়েছে, পুলিশ তার পিছু নিয়ে ছাদে উঠে তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনি গুরুতর আহত হন। একই দিন বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নিহত হন নাদিম ও মায়া ইসলাম।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪