| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামপুরায় গুলি ও হত্যা: হাবিবসহ ৫ আসামির রায় ৪ মার্চ

  • আপডেট টাইম: 15-02-2026 ইং
  • 95004 বার পঠিত
রামপুরায় গুলি ও হত্যা: হাবিবসহ ৫ আসামির রায় ৪ মার্চ

রাজধানীর রামপুরায় জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের সময় আমির হোসেনকে গুলি করা এবং দুজনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রায় ঘোষণার জন্য আগামী ৪ মার্চ দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার ( ১৫ ফেব্রুয়ারি ) ট্রাইব্যুনালের বিচারক প্যানেল এ তারিখ নির্ধারণ করেন।

মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ মোট পাঁচজন আসামি রয়েছেন। অন্য আসামিরা হলেন খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান, সাবেক উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম ভূঁইয়া এবং রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এদের মধ্যে চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে বলা হয়, ২০২৪ সালের জুলাই–আগস্ট আন্দোলন চলাকালে রামপুরায় তৎকালীন সরকারের পুলিশ বাহিনী ব্যাপক সহিংসতা চালায়। এর অংশ হিসেবে ১৯ জুলাই নিরস্ত্র আমির হোসেনকে লক্ষ্য করে গুলি চালানো হয়, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। একই দিনে বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নাদিম ও মায়া ইসলাম নিহত হন।

মামলার বিবরণে জানা যায়, ১৯ জুলাই জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে সংঘর্ষের মধ্যে পড়েন আমির হোসেন। পুলিশ গুলি শুরু করলে তিনি দৌড়ে একটি নির্মাণাধীন ভবনের চারতলায় আশ্রয় নেন। পরে পুলিশ সেখানে পৌঁছে তাকে নিচে লাফ দিতে নির্দেশ দেয় এবং ভয় দেখাতে গুলি ছোড়ে। একপর্যায়ে তিনি ভবনের রড ধরে ঝুলে থাকলে তৃতীয় তলা থেকে এক পুলিশ সদস্য তাকে লক্ষ্য করে ছয়টি গুলি করেন। গুলিতে তার দুই পা আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। তিনি প্রাণে বেঁচে যান।

এ ঘটনায় তদন্ত শেষে ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল পাঁচ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এর আগে ৭ আগস্ট রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর ফারুক আহাম্মদ অভিযোগ দাখিল করেন এবং ৩১ জুলাই তদন্ত সংস্থা তাদের প্রতিবেদন জমা দেয়।

মামলার রায় ৪ মার্চ ঘোষণা করা হবে বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪