| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আগামীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

  • আপডেট টাইম: 16-02-2026 ইং
  • 94335 বার পঠিত
আগামীকাল বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ

বিশ্বের আকাশে ২০২৬ সালের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৫টা ৫৬ মিনিট ৩৬ সেকেন্ডে সূর্যগ্রহণ শুরু হবে এবং রাত ৮টা ২৭ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। তবে গ্রহণের সময় বাংলাদেশে সন্ধ্যা ও রাত থাকায় এ দেশ থেকে এটি দেখা যাবে না।

বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে গ্রহণটি প্রত্যক্ষ করা যাবে। বিশেষ করে আর্জেন্টিনা, চিলি, দক্ষিণ আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা মহাদেশ-এর বিভিন্ন স্থান থেকে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ সরাসরি দেখা সম্ভব হবে।

বলয়গ্রাস সূর্যগ্রহণ কী?

চাঁদ যখন পৃথিবী থেকে তুলনামূলক দূরে অবস্থান করে, তখন আকাশে তাকে কিছুটা ছোট দেখায়। এ সময় চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢাকতে পারে না। ফলে সূর্যের চারপাশে আগুনের বলয় বা আংটির মতো একটি উজ্জ্বল রিং দেখা যায় এবং মাঝখানটা অন্ধকার থাকে। এই ঘটনাকেই বলা হয় বলয়গ্রাস সূর্যগ্রহণ।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের মতোই বলয়গ্রাসের সময়ও একটি নির্দিষ্ট ‘ছায়াপথ’ তৈরি হয়। পৃথিবীর যেসব অঞ্চল এই ছায়াপথের মধ্যে পড়ে, সেসব স্থান থেকেই কেবল বলয়গ্রাস গ্রহণ দেখা যায়।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এ ধরনের মহাজাগতিক ঘটনা বিজ্ঞান গবেষণার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি সাধারণ মানুষের কাছেও এটি এক বিরল ও আকর্ষণীয় দৃশ্য।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪