| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

  • আপডেট টাইম: 16-02-2026 ইং
  • 93901 বার পঠিত
রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। সোমবার ( ১৬ ফেব্রুয়ারি ) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। তাকে সহযোগিতা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা।

এর আগে রোববার (১৪ ফেব্রুয়ারি) পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসান–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল ও অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

এর আগে রমজান মাসে স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন। গত ৫ জানুয়ারি পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো ওই নোটিশে বলা হয়, দেশের ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা আইন, প্রথা ও নীতির অংশ হিসেবে চলে আসছে। সংবিধানের ৩১ অনুচ্ছেদ ও ১৫২(১) অনুচ্ছেদের ব্যাখ্যা তুলে ধরে নোটিশে দাবি করা হয়, রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত অসাংবিধানিক।

নোটিশে আরও উল্লেখ করা হয়, রোজা রেখে স্কুলে যাওয়া-আসা ও ক্লাস করার কারণে কোমলমতি শিক্ষার্থীরা কষ্টের সম্মুখীন হতে পারে, যা তাদের ধর্মীয় চর্চায় বাধা সৃষ্টি করতে পারে। এছাড়া রমজানে স্কুল চালু থাকলে নগর এলাকায় যানজট বৃদ্ধি পায় বলেও দাবি করা হয়।

নোটিশের জবাব না পাওয়ায় রিট দায়ের করা হয়। তবে আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করায় রমজান মাসে স্কুল খোলা রাখার বিষয়ে আপাতত পূর্বের অবস্থাই বহাল থাকছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪