ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর আজ নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। এরপর বিএনপির সংসদীয় দলের সভায় দলের চেয়ারম্যান তারেক রহমান-কে সংসদ নেতা নির্বাচিত করা হয়। বিকেলে তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
নতুন প্রধানমন্ত্রী হিসেবে তার বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।
‘দ্য প্রাইম মিনিস্টারস (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০১৬’এর ভিত্তিতে প্রধানমন্ত্রী মাসিক ১ লাখ ১৫ হাজার টাকা বেতন পাবেন। পাশাপাশি মাসে ১ লাখ টাকা বাড়িভাড়া ভাতা নির্ধারিত রয়েছে। যদিও প্রচলিত নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীর জন্য সরকারি বাসভবনের ব্যবস্থা থাকে এবং তিনি সেখানে অবস্থান করেন।
প্রধানমন্ত্রীর জন্য দৈনিক ভাতা ৩ হাজার টাকা নির্ধারিত। বিমান ভ্রমণের ক্ষেত্রে তার জন্য ২৫ লাখ টাকার বিমা কভারেজ সুবিধা রয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর জন্য দেড় কোটি টাকার একটি স্বেচ্ছাধীন তহবিল বরাদ্দ থাকে।
প্রধানমন্ত্রী হিসেবে বিনোদন সংক্রান্ত ব্যয় সম্পূর্ণভাবে ভাতা হিসেবে প্রদান করা হবে। অফিস থেকে বাসা এবং বাসা থেকে অফিসে যাতায়াতের সমস্ত খরচ সরকার বহন করবে। পাশাপাশি প্রধানমন্ত্রী ও তার পরিবারের নির্দিষ্ট ব্যয় ভাতা হিসেবে প্রদান করা হবে।
এছাড়া প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন ও অন্যান্য ইউটিলিটি সেবার খরচও সরকার বহন করবে।
নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।