নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ মহান মুক্তিযুদ্ধে শহিদ বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বেলা ১১টায় তিনি প্রথমে শহিদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে আবারও শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করেন এবং প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন। এর কিছু সময় আগে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান।
দেশ পরিচালনার প্রথম কর্মদিবস হিসেবে বুধবার সচিবালয়ে প্রথম অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে মধ্যাহ্নভোজের পর বিকেলে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। শপথ গ্রহণের পর এটিই হবে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক। বৈঠক শেষে সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রথম কর্মদিবসে সচিবদের সঙ্গে বৈঠকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। মঙ্গলবার শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকার গঠন করা হয় এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।