জুলাই জাতীয় সনদকে অবৈধ ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা এবং এর কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐকমত্য কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী জানান, আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে এবং ১৩ ফেব্রুয়ারি ঘোষিত ফলাফল বাতিল চেয়ে পৃথক আরেকটি রিট দায়ের করা হয়। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ জনস্বার্থে ওই রিট আবেদন করেন।
সেই রিটে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হতে পারে।
উল্লেখ্য, জুলাই জাতীয় সনদ ও সংশ্লিষ্ট গণভোট ইস্যুতে আদালতে একাধিক রিট দায়ের হওয়ায় বিষয়টি নিয়ে আইনি অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।