| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণতন্ত্র সরকারের প্রধান ভিত্তি: মির্জা ফখরুল

  • আপডেট টাইম: 18-02-2026 ইং
  • 92650 বার পঠিত
গণতন্ত্র সরকারের প্রধান ভিত্তি: মির্জা ফখরুল

গণতন্ত্র সরকারের প্রধান ভিত্তি উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,ডেমোক্রেসি আমাদের প্রধান উপাদান। আমাদের সব কার্যক্রমের মধ্যেই গণতন্ত্র থাকবে। বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় তৃণমূল মানুষের সঙ্গে সরাসরি সম্পর্কিত। আমি নিজেও একসময় স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলাম, তাই এ বিষয়ে আমার অভিজ্ঞতা আছে।

বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বর্তমান সময়ের চ্যালেঞ্জ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকারের প্রধান চ্যালেঞ্জ হলো দেশ গড়ে তোলা। প্রধানমন্ত্রী দেশের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যেই মন্ত্রিসভা গঠন করা হয়েছে। মন্ত্রিসভা জনগণের সমস্যা সমাধান ও দেশকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করবে।

এসময় মির্জা ফখরুল ইসলাম বলেন, মন্ত্রণালয়কে একটি গতিময় প্রতিষ্ঠানে পরিণত করে মানুষের সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখা হবে।

আইনশৃঙ্খলা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি ভঙ্গুর এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিস্থিতি অতটা খারাপ নয়। আইনশৃঙ্খলা আগের তুলনায় উন্নত হয়েছে এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাও অনেকটাই ফিরে এসেছে। ব্যাংকিং খাতও নিয়ন্ত্রণে এসেছে বলে মন্তব্য করেন তিনি। সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি আরও ভালো করা সম্ভব বলে আশা প্রকাশ করেন।

গত দেড় বছরে ব্যাপক মব জাস্টিসের প্রসঙ্গে তিনি বলেন, “অবশ্যই এটাকে নিয়ন্ত্রণ করা হবে। একটি বড় ঝড় ও রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে আমরা গেছি। সবকিছু মুহূর্তের মধ্যে ঠিক হয়ে যাবে, এমনটা ভাবার কারণ নেই। তবে একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন হওয়া নিজেই একটি বড় অর্জন।”

‘আওয়ামী লীগবিহীন’ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি দাবি করেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে এটিকে অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ–এর বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পরবর্তীতে রাজনৈতিকভাবে সিদ্ধান্ত জানানো হবে।

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে শ্বেতপত্র প্রকাশের প্রয়োজন আছে কিনা এমন প্রশ্নে মন্ত্রী বলেন, বিশেষ পরিস্থিতিতে দায়িত্ব নিয়ে তারা গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া সম্পন্ন করেছে। সেই কাজের কৃতিত্ব তাদের প্রাপ্য বলেও মন্তব্য করেন তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪