প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ প্রায় ১৮ বছর পর দেশে ফিরে গত বছরের ২৫ ডিসেম্বর তিনি ঘোষণা করেছিলেন, দেশ ও জনগণের জন্য তার “আই হ্যাভ এ প্ল্যান” রয়েছে। ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে সফর করে তিনি তার পরিকল্পনার বিভিন্ন দিক জনগণের সামনে তুলে ধরেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার ঘোষকের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে ভোট দিয়ে জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং তাদের সব পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দিয়েছে।
তারেক রহমান বলেন, ফ্যাসিবাদের সময়কালের দুর্নীতি দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার।তিনি বলেন, এই সুযোগকে কাজে লাগিয়ে সব অঙ্গীকার পূরণ করার দায়িত্ব এখন বিএনপি সরকারের।
সরকারপ্রধান জানান, সরকার ইতোমধ্যে তাদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। অঙ্গীকার পূরণের এই যাত্রাপথে ভবিষ্যতেও দেশবাসীর অব্যাহত সমর্থন কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, যারা বিএনপিকে ভোট দিয়েছেন, দেননি কিংবা কাউকেই ভোট দেননি নবগঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান।
তিনি বলেন, দলমত, ধর্ম ও দর্শন যার যার; রাষ্ট্র সবার। এই দেশে একজন বাংলাদেশি হিসেবে প্রতিটি নাগরিকের অধিকার সমান।
ভাষণের শেষাংশে তিনি দেশবাসীর সুস্থতা ও নিরাপত্তা কামনা করে আল্লাহর কাছে সরকারের ইতিবাচক পরিকল্পনাগুলো বাস্তবায়নের তৌফিক প্রার্থনা করেন।