পবিত্র রমজান মাস উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হয়েছে সরকারি অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজারের নতুন সময়সূচি। হিজরি ১৪৪৭ সনের রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনের পর জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময় নির্ধারণ করা হয়।
সরকারি অফিস
রমজানজুড়ে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।
রমজান শুরুর আগে অফিস সময় ছিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
আদালত
গত ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রশাসন রমজানে নিম্ন আদালতের কোর্ট ও অফিসের সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করে।
নির্ধারিত সময় অনুযায়ী, রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। অফিস সময় থাকবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। উভয় ক্ষেত্রেই দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
সুপ্রিম কোর্ট ও এর আওতাধীন অন্যান্য আদালতের সময়সূচি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পৃথকভাবে নির্ধারণ করেছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান
রমজান উপলক্ষে দেশের ব্যাংকগুলোর অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।
১০ ফেব্রুয়ারি জারি করা সার্কুলার অনুযায়ী, সব তফসিলি ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ সময়েও বিকল্প ব্যবস্থায় গ্রাহকসেবা ও লেনদেন চালু রাখতে হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান নিজ নিজ আইন-বিধি অনুযায়ী জনস্বার্থ বিবেচনায় সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।
শেয়ারবাজার
রমজানে দেশের শেয়ারবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টা থেকে এবং চলবে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত। এরপর ১০ মিনিটের পোস্ট-ক্লোজিং সেশন অনুষ্ঠিত হবে, যা চলবে ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত।
রমজানকে সামনে রেখে নির্ধারিত এই নতুন সময়সূচি আজ থেকেই কার্যকর হয়েছে।