ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা উইলিয়াম বি মাইলাম মারা গেছেন। মার্কিন এই কূটনীতিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের আরেক সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ।
ড্যানিলোভিচ বুধবার (১৮ ফেব্রুয়ারি) তার এক্স পোস্টে জানান বাংলাদেশে প্রয়াত সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের সময়কালে ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা উইলিয়াম বি মাইলাম যুক্তরাষ্ট্রে মারা গেছেন।
এদিকে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ফেসবুকে মাইলামের মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন মাইলামের মেয়ে প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক এরিকা মাইলাম ইমেইলের বরাতে তার বাবার মৃত্যুর খবরটি দেন।
নব্বইয়ের দশকের শুরুতে ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত সময়কালে ঢাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন মাইলাম। সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত গত বছর ঢাকা সফর কালে অন্তর্বর্তী সরকারের বিদায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন।