| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের চুরি হওয়া তার পাওয়া গেলো ভাঙারি দোকানে

  • আপডেট টাইম: 04-06-2026 ইং
  • 185 বার পঠিত
প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের চুরি হওয়া তার পাওয়া গেলো ভাঙারি দোকানে

প্রধানমন্ত্রীর দপ্তরের লাল টেলিফোন সংযোগের চুরি হওয়া তার ভাঙারি দোকানে পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ সময় দুজনকে আটক করার পর তাদের কাছ থেকে আট কেজি চোরাই তামার তারও উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ এক সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সম্প্রতি সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের রেড টেলিফোন সংযোগের তার চুরির ঘটনা ঘটে, যা নিয়ে মামলা হলে বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) শাহবাগ থানায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করে।

ঘটনার গুরুত্ব বিবেচনায় সিটিটিসি ছায়া তদন্ত শুরু করে। গোপন তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে সচিবালয়ের আউটসোর্সিং কর্মী রঞ্জন চন্দ্রকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি তার চুরির কথা স্বীকার করেন।

তিনি জানান, গত ২২ মে সচিবালয়ের ৩ নম্বর ভবন থেকে তিনি তার চুরি করেন। পরে ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনে একটি ভাঙারি দোকানে প্রতি কেজি ৬০০ টাকা দরে মোট ৮ কেজি ২০০ গ্রাম তামার তার বিক্রি করেন।

আরও পড়ুন :

প্রধানমন্ত্রীর দপ্তরের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২

তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাঙারি ব্যবসায়ী রেজাকুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে চকবাজার থানার হোসনি দালান রোডের একটি ভাঙারির গুদাম থেকে চুরি হওয়া তামার তার উদ্ধার করা হয়।

সিটিটিসি জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে সচিবালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংযোগের তার চুরির ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে। চক্রের মূল হোতাদের শনাক্তে ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪