পবিত্র রমজান মাস উপলক্ষে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে সাপ্তাহিক জুমার নামাজ আদায়ের জন্য ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লিকে প্রবেশের অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজান শুরু হওয়ার পর এ ঘোষণা দেওয়া হয়। সংবাদমাধ্যম আরব নিউজ এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট শর্তে রমজান মাসজুড়ে প্রতি জুমায় ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লি মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমতি পাবেন। তবে এজন্য প্রতিদিন আলাদা অনুমতিপত্র সংগ্রহ করতে হবে।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা সিওজিএটি এক বিবৃতিতে জানায়, নির্ধারিত বয়সসীমার ভিত্তিতে মুসল্লিদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।
ঘোষণা অনুযায়ী, ৫৫ বছর বা তার বেশি বয়সী পুরুষ, ৫০ বছর বা তার বেশি বয়সী নারী এবং সর্বোচ্চ ১২ বছর বয়সী শিশুরা (প্রথম শ্রেণির আত্মীয়ের সঙ্গে) প্রবেশ করতে পারবেন।
রমজান মাসে সাধারণত লক্ষাধিক ফিলিস্তিনি মুসল্লি আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করেন। ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত এই মসজিদটি পূর্ব জেরুজালেমে অবস্থিত। ১৯৬৭ সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে এবং পরে একে সংযুক্ত করে, যদিও আন্তর্জাতিক সম্প্রদায়ের অধিকাংশই এ সংযুক্তিকে স্বীকৃতি দেয় না।