| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম ও মাংস দেবে সরকার

  • আপডেট টাইম: 19-02-2026 ইং
  • 90959 বার পঠিত
রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম ও মাংস দেবে সরকার

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য দুধ, ডিম, মাংস ও মাছ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার ধারাবাহিকতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সারাদেশে প্রায় ১০ লাখ পরিবারের কাছে এ সুবিধা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মহাখালীর প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান-এর সম্মেলন কক্ষে রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দিলে নিম্নআয়ের মানুষ ভোগান্তিতে পড়েন উল্লেখ করে তিনি বলেন, সরকারের এ উদ্যোগ তাদের কষ্ট লাঘবে সহায়ক হবে। ভবিষ্যতে কর্মসূচিটি আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে। জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও সমন্বিত টিমওয়ার্কের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী খালেদা জিয়া-এর অবদানের কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)-এর সভাপতি মশিউর রহমান এবং বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন (বিসিএফএফএ)-এর সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন। এছাড়া মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪