ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মের মধ্যে আনতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। শিক্ষামন্ত্রী বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলকে নিয়মে আনতে পদক্ষেপ নেওয়া হবে এবং বদলিতে আর কোনো বাণিজ্যিক কার্যক্রমকে অনুমতি দেওয়া হবে না।
ড. এহছানুল হক মিলন বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। নতুন দায়িত্ব গ্রহণের পর তিনি আরও জানান, পরীক্ষায় নকল ও প্রশ্নপত্র ফাঁস যেন আর না ঘটে, তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, অতীতে দায়িত্ব পালনকালে নকল ও প্রশ্নপত্র ফাঁস বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল। এবারও কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শিক্ষাঙ্গনে শৃঙ্খলা বজায় রাখা হবে।