নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।
মন্ত্রী বলেন, দীর্ঘ দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। ফলে সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। তিনি জানান, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। আইন-শৃঙ্খলা বাহিনীতে গণতান্ত্রিক সংস্কার কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন ও নৈতিক মানোন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা ফিরিয়ে আনা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগের কথাও উল্লেখ করেন তিনি। বাজেট অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, নতুন জনবল নিয়োগ ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব।
তিনি আরও বলেন, পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যুগোপযোগী উন্নয়নের জন্য একটি সুসংগঠিত ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন জরুরি। এ সময় বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও সুপারিশ জমা দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।
সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন, আইজিপি বাহারুল আলম বিপিএমসহ সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।