চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। লুনার নববর্ষ উদযাপনের সময় এ নিয়ে দ্বিতীয় বারের মতো মারাত্মক বিস্ফোরণের ঘটনা ঘটলো বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। বুধবার বিকেলে জিয়াংইয়াংয়ে একটি আতশবাজির দোকানে বিস্ফোরণ ছড়িয়ে পড়লে জরুরি অগ্নি নির্বাপণ কর্মীরা দুর্ঘটনার পরপরই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন।
অগ্নিকান্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বিস্ফোরণে পাঁচ শিশু এবং সাত জন প্রাপ্তবয়স্ক নিহতের খবর পাওয়া গেছে। হতাহতদের মধ্যে দোকানের মালিক এবং আতশবাজি কিনতে আসা গ্রাহকরাও রয়েছেন।
আতশবাজি চীনজুড়ে লুনার নববর্ষের ঐতিহ্যের একটি দীর্ঘস্থায়ী অংশ হয়ে উঠেছে। এর মাধ্যমে সমৃদ্ধি অর্জন এবং দুর্ভাগ্য এড়ানো সম্ভব বলে ধারণা করা হয়। এদিকে আতশবাজির ব্যাপক ব্যবহারের ফলে গত রোববার জিয়াংসু প্রদেশে এক বাসিন্দা আতশবাজির দোকানের পাশে আতশবাজি পোড়ালে বিস্ফোরণে আটজন নিহত এবং দুজন আহত হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
এ দুর্ঘটনায় চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় নতুন করে নিরাপত্তা সতর্কতা জারি করে মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, বসন্ত উৎসবের সময় আতশবাজি এখনো সবচেয়ে বড় ঝুঁকি এবং বিভিন্ন আঞ্চলিক সরকারকে তদারকি জোরদার করার আহ্বান জানানো হোলো।