ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। নির্বাচনের মতোই এই দিনে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি পরিদর্শনকালে তিনি জানান, “কয়েক দিন আগে নির্বাচনে কোনো ত্রুটি-বিচ্যুতি ঘটেনি। আশা করছি, এখানে ও কোনো সমস্যা হবে না।”
ডিএমপি কমিশনার আরও জানিয়েছেন, শহীদ মিনারের আশেপাশে ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। সঙ্গে থাকবে স্বেচ্ছাসেবক। তিনি আগ্রহীদের পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং ও শহীদ মিনার রোড ব্যবহার করার জন্য অনুরোধ করেছেন। শ্রদ্ধা নিবেদন শেষে দর্শকরা দোয়েল চত্বর বা চাঁনখানপুল দিয়ে বের হতে পারবেন। এছাড়াও কোনো ধরনের ধারালো বা দাহ্য পদার্থ শহীদ মিনারে আনা যাবে না।
এ সময় র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, যেকোনো দুর্ঘটনা এড়াতে বোম্ব ডিস্পোজাল ইউনিট, সিসিটিভি ক্যামেরা এবং ডগ স্কোয়াডসহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার ও আশেপাশে ৬৪টি সিসি ক্যামেরা দিয়ে নজরদারি করা হবে এবং দেশব্যাপী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
শহীদ মিনারের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ হওয়ায় ঢাকার নাগরিকরা নিরাপদভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন।