বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুদ রয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব হলো খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা। রমজান মাসে এই দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বর্তমানে আমাদের হাতে যে পরিমাণ খাদ্য মজুদ রয়েছে, তা বাজার স্থিতিশীল রাখতে যথেষ্ট।
সিলেটের উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সিলেটের জীবনমান উন্নয়নের জন্য কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ, আইটি সম্পর্কিত পেশার প্রসার এবং একটি এআই সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পার্শ্ববর্তী দেশে সরকারি কর্মকর্তাদের এআই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে; আমাদেরও এগিয়ে যেতে হবে। আগামী পাঁচ বছরে বাংলাদেশকে বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করার জন্য সরকার আন্তরিকভাবে কাজ করবে।
কর্মসংস্থান সৃষ্টি প্রসঙ্গে তিনি বলেন, “বিনিয়োগ আকৃষ্ট করতে উন্নত যোগাযোগ ব্যবস্থা, লাল ফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি-সহায়তা নেওয়া হচ্ছে এবং খুব শিগগিরই এর ফল দেখা যাবে।”
এ সময় উপস্থিত ছিলেন সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।