শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান শুক্রবার ( ২০ ফেব্রুয়ারি ) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে এ তথ্য জানান।
ডিজি একেএম শহিদুর রহমান বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে শহীদ মিনার এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। তিনি আরও বলেন, এলাকা ইনার ও আউটার পেরিমিটারে ভাগ করা হয়েছে এবং প্রতিটি সেক্টরে ফুট পেট্রোল, গাড়ি টহল ও স্ট্রাইকিং রিজার্ভ মোতায়ন থাকবে।
ডিজি জানান, নিরাপত্তা জোরদারে বোমা ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড এবং সাদা পোশাকে গোয়েন্দা সদস্যও মোতায়ন থাকবে। শহীদ মিনার এলাকায় তিন শতাধিক র্যাব সদস্য দায়িত্ব পালন করবেন এবং পুরো এলাকা সিসিটিভি আওতায় আনা হয়েছে।
একেএম শহিদুর রহমান বলেন, অতীতে ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে দেশকে স্থিতিশীল করতে আইনশৃঙ্খলা বাহিনী সফল হয়েছে এবং ভবিষ্যতেও অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে। তিনি আরও হুঁশিয়ারি দিয়েছেন যে, দাবিদাওয়া বা আন্দোলনের নামে সাধারণ জনগণকে জিম্মি করা বা জনদুর্ভোগ সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না।
ডিজি জানান, বর্তমানে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও সারাদেশের সব শহীদ বেদীতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে।