পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ হাজারো মুসল্লির ঢল নেমেছে। জুমার নামাজ আদায়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদের মূল ভবন ও আশপাশের এলাকা।
শুক্রবার ( ২০ ফেব্রুয়ারি ) দুপুরে আজানের পরপরই দলে দলে মুসল্লিরা মসজিদে প্রবেশ করতে থাকেন। বেলা সাড়ে ১১টা থেকেই বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ মসজিদে আসতে শুরু করেন। দুপুর সাড়ে ১২টার মধ্যেই মসজিদের ভেতরের স্থান পূর্ণ হয়ে গেলে কয়েক শতাধিক মুসল্লি বাইরে অবস্থান নিয়ে নামাজ আদায় করেন।
রহমতের দশকের দ্বিতীয় রোজায় অনুষ্ঠিত এ বরকতময় জুমায় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মুসল্লিরা রমজানের তাৎপর্য তুলে ধরে আত্মশুদ্ধি, ক্ষমা ও শান্তির জন্য দোয়া করেন।
নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা জানান, রমজানের প্রতিটি জুমা জাতীয় মসজিদে আদায় করার চেষ্টা করেন তারা। অনেকেই পরিবার-পরিজন নিয়ে নামাজে অংশ নেন।
জুমার নামাজকে কেন্দ্র করে মসজিদের সামনে ও আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায় শেষে মুসল্লিরা শৃঙ্খলাবদ্ধভাবে মসজিদ ত্যাগ করেন।