| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল

  • আপডেট টাইম: 21-02-2026 ইং
  • 89585 বার পঠিত
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে মানুষের ঢল

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অমর একুশে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছে সর্বস্তরের মানুষের ঢল। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মী এবং সাধারণ মানুষ ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন ভাষা শহীদদের।

এর আগে রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। রাত ১২টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মন্ত্রিসভার সদস্যরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর পর বিএনপি ও জিয়া পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান-এর নেতৃত্বে ১১-দলীয় জোটের নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলামসহ জোটের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও আপিল বিভাগের বিচারপতিরা। তিন বাহিনীর পক্ষে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন পুষ্পস্তবক অর্পণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর পক্ষে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে।

রাজনৈতিক দল ও সংগঠনের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, এনডিএম, এবি পার্টি, জাতীয় পার্টি, বিজেপি, জেপি, সিপিবি, বাসদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাসদ, জেএসডি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্রফ্রন্ট ও ছাত্রমৈত্রীর নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়া জুলাই ঐক্য, প্রথম আলো বন্ধুসভা ও জুলাই মঞ্চসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। শহীদ মিনার প্রাঙ্গণে ভোর থেকে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ভাষা শহীদদের প্রতি জাতির অবিচল সম্মান ও ভালোবাসারই বহিঃপ্রকাশ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪