| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাষাশহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

  • আপডেট টাইম: 21-02-2026 ইং
  • 89469 বার পঠিত
ভাষাশহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৬টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আপিল বিভাগের বিচারপতি এসএম এমদাদুল হক, বিচারপতি ফারাহ মাহবুব এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় ভাষা আন্দোলনে শহীদদের অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।

একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। রাত ১২টা এক মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে তিনি নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন।

রাষ্ট্রপতির পর শহীদ মিনারে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে মন্ত্রিপরিষদের সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া দলীয় প্রধান হিসেবে নেতাকর্মীদের নিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ৫২-এর বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন তিন বাহিনীর প্রধানরা। পরে প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একে একে শহীদ মিনারে শ্রদ্ধা জানান।

এদিকে প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পরে তিনি আজিমপুরে শহীদদের কবরে দোয়া-মোনাজাতে অংশ নেন।

মহান ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪