আফগানিস্তানের পূর্বাঞ্চলে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৮ জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা । ভূমিকম্পটি কাবুল থেকে প্রায় ১৩০ কিলোমিটার (৮০ মাইল) উত্তর-পূর্বে আঘাত হানে। রাজধানীর পশ্চিমে অবস্থিত বামিয়ান প্রদেশ ও ওয়ারদাক প্রদেশের বাসিন্দারাও এ কম্পন অনুভব করেছেন বলে জানিয়েছেন।
অপরদিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানলে রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৯ ছিল বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে শাংলা, সোয়াত, মারদান, সোয়াবি এবং নওশেরায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে।