১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকেই মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের সকল মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবে—এই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার-এ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই ছিল মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য। তিনি দাবি করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই লড়াই ছিল গণতন্ত্র রক্ষার লড়াই। গত ১৭ বছরে নির্বাচন ও গণতন্ত্র ধ্বংসের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ক্ষুণ্ন করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
ইশরাক হোসেন আরও বলেন, যারা মুক্তিযুদ্ধের দাবিদার ছিল, তারা মুক্তিযুদ্ধকে ব্যবহার করে দেশকে লুটপাট করেছে এবং গুম-খুন-হত্যার রাজত্ব কায়েম করেছিল। তবে সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে দেশ আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় ফিরে এসেছে এবং জনগণ একটি নির্বাচিত সরকার পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, এখন জনগণের প্রত্যাশা পূরণই সরকারের প্রধান লক্ষ্য। দেশের বিভিন্ন অঞ্চল ও শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা ভিন্ন হতে পারে, তবে সবার অধিকার নিশ্চিত করতেই সরকার কাজ করে যাবে।