সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া হলেও তা আরও জোরদার করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নিয়াজ আহমেদ খান, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার প্রাঙ্গণে শ্রদ্ধাজ্ঞাপন শেষে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের বিনম্রচিত্তে স্মরণ করা আমাদের দায়িত্ব। নৃগোষ্ঠীর মাতৃভাষাসহ বিশ্বের সব মাতৃভাষার প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, মাতৃভাষার ঐতিহ্য সংরক্ষণে বিদ্যমান উদ্যোগ আরও বৃদ্ধি পাওয়া প্রয়োজন।
তিনি উল্লেখ করেন, বাংলা ভাষা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও প্রশাসন, শিক্ষা, বিচারব্যবস্থা এবং দৈনন্দিন প্রাতিষ্ঠানিক চর্চায় এখনো সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়নি। ভাষার চর্চা কেবল আনুষ্ঠানিকতার বিষয় নয়, এটি মানসিক ও সাংস্কৃতিক অঙ্গীকারের প্রশ্ন বলেও তিনি মন্তব্য করেন।
নিয়াজ আহমেদ খান বলেন, সর্বস্তরে বাংলা ভাষা চালু করা একটি ধারাবাহিক চর্চার বিষয়। এটি বাস্তবায়নে সরকারি পর্যায় থেকে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, তবে তা আরও সম্প্রসারণ করা জরুরি।
তিনি আরও বলেন, ১৯৫২ সালের ভাষা শহীদদের আত্মত্যাগ শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল না; এটি ছিল জাতির আত্মপরিচয় ও সাংস্কৃতিক মর্যাদা রক্ষার লড়াই।
রাষ্ট্রীয় এই আয়োজনের ব্যবস্থাপনা প্রসঙ্গে উপাচার্য জানান, জাতির পক্ষ থেকে অনুষ্ঠান আয়োজনের দায়িত্ব প্রতিবছর ঢাকা বিশ্ববিদ্যালয় পালন করে থাকে। এ বছর অনুষ্ঠানটি তুলনামূলকভাবে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ভাষা আন্দোলনের চেতনা কেবল আনুষ্ঠানিক স্মরণে সীমাবদ্ধ না রেখে বাংলা ভাষাসহ সব মাতৃভাষার মর্যাদা রক্ষায় নিয়মিত চর্চা ও প্রাতিষ্ঠানিক প্রতিশ্রুতির ওপর গুরুত্বারোপ করেন তিনি।