রাজধানীর মিরপুরের জাহাজবাড়িতে ৯ তরুণ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ছয় আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আদালত একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করেছেন।
রোববার ( ২২ ফেব্রুয়ারি ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলার প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান।
মামলায় মোট আটজন আসামি রয়েছে। আদালতে হাজির হওয়ার নির্দেশ ছিল, তবে দুজন গ্রেফতার থাকায় বাকিদের জন্য আত্মসমর্পণের বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়।
গ্রেফতাররা হলেন, সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া।
পলাতক অন্যরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় ও তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।
এর আগে, ২৯ জানুয়ারি ট্রাইব্যুনাল আট আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে এবং গ্রেফতারি পরোয়ানা জারি করে।
২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে একটি বাড়িতে কথিত জঙ্গি আস্তানায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট অভিযান চালায়। ‘অপারেশন স্ট্রম-২৬’ নামে এই অভিযানে ৯ তরুণকে হত্যা করা হয়।