প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়কে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দাবি-দাওয়া নিয়ে শিক্ষকদের আর রাজপথে নামতে হবে না।
রোববার (২২ ফেব্রুয়ারি) শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সঙ্গে মতবিনিময় শেষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের দাবির বিষয়গুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তবে শিক্ষকদেরও শিক্ষার মানোন্নয়নে নিজেদের অঙ্গীকার স্পষ্ট করতে হবে। “আপনারা সমস্যা ছাড়া কিছু দেখেন না এ অবস্থার পরিবর্তন প্রয়োজন।
ঈদ বোনাস প্রসঙ্গে মন্ত্রী জানান, শিক্ষকদের ১০০ শতাংশ ঈদ বোনাসের দাবির বিষয়টি পর্যালোচনা করা হবে এবং প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে। তিনি বলেন, চলতি বছরের বাজেটে এ বিষয়টি উল্লেখ নেই, তাই এটি নিয়ে আলোচনা প্রয়োজন।
সম্প্রতি ৬৪ জেলায় একজনও সৎ লোক নেই এমন অভিযোগের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে আমরা শপথ করেছি দুর্নীতি করবো না, অন্য কাউকে করতেও দেব না। আমরা দুর্নীতি করি না, করবো না, করতে দেবও না।