| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম: 22-02-2026 ইং
  • 86401 বার পঠিত
পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদা দাবিকে কেন্দ্র করে রাজধানীর আদাবরে একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে পুলিশের শীর্ষ পর্যায়ে পরিবর্তন আসার কথাও জানান তিনি।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গতকাল আদাবরে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে একটি অফিসে ঢুকে হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি আমার কানেও এসেছে। আমি খোঁজ নিতে বলেছি এবং তদন্ত করে আমাদের কাছে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছি। যদি অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব।

পুলিশ প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তন শিগগিরই আসতে পারে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু পরিবর্তন তো আসবেই।

সংসদ অধিবেশন প্রসঙ্গে তিনি জানান, রাষ্ট্রপতির প্রজ্ঞাপনের মাধ্যমে অধিবেশন আহ্বান করা হয় এবং তা কমপক্ষে ১৫ দিন আগে জারি করতে হয়। জাতীয় সংসদ সচিবালয় থেকে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। রাষ্ট্রপতির অনুমোদনের পর প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে অধিবেশন আহ্বান করা হবে।

তিনি জানান, আগামী ১২ মার্চ সংসদ অধিবেশন আহ্বান নির্ধারিত হয়েছে। ওই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে। প্রথা অনুযায়ী শোক প্রস্তাব গ্রহণ এবং রাষ্ট্রপতির ভাষণও থাকবে। পাশাপাশি সংসদের নিয়মিত কার্যসূচিও অন্তর্ভুক্ত থাকবে।

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি পরে চূড়ান্ত করা হবে বলেও জানান তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪