| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি: তদন্তের নির্দেশ হাইকোর্টের

  • আপডেট টাইম: 24-02-2026 ইং
  • 84826 বার পঠিত
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি: তদন্তের নির্দেশ হাইকোর্টের

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এ জনবল নিয়োগে জালিয়াতি ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করে দুই মাসের মধ্যে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। নিয়োগ জালিয়াতি সংক্রান্ত গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এ রিট দায়ের করা হয়।

‘মোটা অঙ্কের ঘুষে বড় পদ, জাল সনদে স্থায়ী চাকরি’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, দেশের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল ও স্পর্শকাতর এ প্রকল্পে দক্ষ ও অভিজ্ঞ জনবল নিয়োগের কথা থাকলেও বাস্তবে তার ব্যত্যয় ঘটেছে। অভিযোগে বলা হয়, প্রভাব ও অর্থের বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং জাল সনদের মাধ্যমে স্থায়ী চাকরিও নিশ্চিত করা হয়েছে।

প্রকল্পটির দীর্ঘমেয়াদি পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্বে থাকা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড-এ (এনপিসিবিএল) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের এসব অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

তদন্ত কমিটিকে আগামী দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪