| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মেক্সিকোয় কার্টেল সহিংসতায় কি বসবে বিশ্বকাপের আসর

  • আপডেট টাইম: 24-02-2026 ইং
  • 83579 বার পঠিত
মেক্সিকোয় কার্টেল সহিংসতায় কি বসবে বিশ্বকাপের আসর

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের মাত্র চার মাস বাকি থাকতেই মেক্সিকোয় কার্টেল সহিংসতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মেক্সিকোর কুখ্যাত জালিস্কো নিউ জেনারেশন কার্টেল বা সিজেএনজির প্রধান কার্টেল নেতা নেমেসিও রুবেন ওসেগুয়েরা সেরভান্তেস বিশেষ বাহিনীর অভিযানে নিহত হওয়ার পরপরই দেশটির বিভিন্ন অঞ্চলে সহিংস প্রতিক্রিয়া শুরু হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানের কয়েক ঘণ্টার মধ্যেই বন্দুকধারীরা একাধিক অঙ্গরাজ্যে যানবাহনে আগুন দেয়ার পাশাপাশি মহাসড়ক অবরোধ করায় দেশের বড় অংশ কার্যত অচল হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে আসতে চাওয়া বিদেশি দর্শকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে বলে মনে করছেন  নিরাপত্তা বিশ্লেষকরা।

এই সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বকাপের স্বাগতিক শহর গুয়াদালাহারা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো দেখে জালিস্কো অঙ্গরাজ্যের গভর্নর পাবলো লেমুস বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়ে গণপরিবহন সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা করেন। একই সংগে এয়ার কানাডা, ইউনাইটেড এয়ারলাইন্স এবং আমেরিকান এয়ারলাইন্স ওই অঞ্চলে ফ্লাইট স্থগিত করেছে বলে জানা গেছে। 

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ যৌথভাবে আয়োজন করবে। এবারের আসর হবে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ যেখানে মেক্সিকোর ভেন্যুগুলোতে লাখো বিদেশি দর্শক আসার কথা রয়েছে।

হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মেক্সিকোর বাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেছেন যে অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা সহায়তা দিয়ে সহযোগিতা করেছে।  নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম। তিনি বলেছেন, অধিকাংশ অঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তবে পুড়ে যাওয়া যানবাহন, বাতিল স্কুল কার্যক্রম এবং সামাজিক মাধ্যমে ‘যুদ্ধক্ষেত্র’ এমন বর্ণনা আন্তর্জাতিকভাবে নেতিবাচক বার্তা দিচ্ছে মত সমালোচকদের। সিজেএনজি দীর্ঘদিন ধরেই শক্তিশালী ও ভারী অস্ত্রে সজ্জিত একটি কার্টেল। তাদের নেতৃত্বে পরিবর্তন এলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর লড়াই বাড়তে পারে,সহিংসতাকে দীর্ঘায়িত করতে পারে বলে ধারনা করেছেন বিশ্লেষকরা। 

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার সামনে বড় প্রশ্ন মেক্সিকো কি বিশ্বকাপে আসা প্রায় ১০ লাখ বিদেশি দর্শকের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে? ফিফা এ বিষয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে বিভিন্ন দেশ তাদের ভ্রমণ সতর্কতা পুনর্মূল্যায়ন করে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর ইতোমধ্যে মেক্সিকোয় থাকা ব্রিটিশ নাগরিকদের ঘরে থাকার এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

মেক্সিকোকে বিশ্বকাপের আগে প্রমাণ করতে হবে, তারা নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করতে সক্ষম। তবে সাম্প্রতিক সহিংসতা সেই চ্যালেঞ্জকে আরও কঠিন করে তুলেছে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪