বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের শূন্য পদে ভোটগ্রহণের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ৯ এপ্রিল এই দুই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার (ইসি) তাহমিদা আহমদ এসব তথ্য জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসনে বিজয়ী হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরে ১৬ ফেব্রুয়ারি তিনি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার ইচ্ছা জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। ফলে একই তারিখ থেকে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয়।
অন্যদিকে, শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল গত ৩ ফেব্রুয়ারি রাতে কিডনিজনিত রোগে মারা গেলে ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত করা হয়। ইসি জানিয়েছে, বৈধ প্রার্থী মারা যাওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী নির্বাচন পুনঃনির্ধারণ করা হয়েছে।
এবারের উপনির্বাচন দুই আসনে ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ, যেখানে স্থানীয় ও জাতীয় রাজনীতির প্রভাব দৃশ্যমান হবে।