| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিডিআর হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট টাইম: 25-02-2026 ইং
  • 83567 বার পঠিত
বিডিআর হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার ( ২৫ ফেব্রুয়ারি ) বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আজ আমরা রাষ্ট্রীয় মর্যাদায় সেনা শহীদ দিবস পালন করেছি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন, শহীদ পরিবারের স্বজনরাও অংশ নিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন দিয়েছেন, তারা চিরতরুণ ও চিরভাস্বর হয়ে থাকবেন।”

তিনি আরও বলেন, পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের নয়, এটি বিশ্বের নৃশংসতম হত্যাকাণ্ডগুলোর একটি। এই হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য উদ্ঘাটনে তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার ফলাফল এখনো প্রকাশিত হয়নি। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি জাতীয় কমিশন গঠন করা হয় এবং সেই কমিশনের প্রতিবেদন সরকার পেয়েছে। তবে প্রতিবেদন বাস্তবায়নে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা করে বিচারাধীন মামলাগুলোর জুডিশিয়াল প্রক্রিয়া সম্পন্ন করা হবে। পাশাপাশি অন্যান্য সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, “পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।”

তিনি আরও মন্তব্য করেন, এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার একটি চেষ্টা ছিল এবং যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই এমন কাজ করতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪