বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক ও লজ্জাজনক অধ্যায়। তিনি জানান, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে বিএনপি এ হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সেদিনের ভয়াবহ ঘটনায় ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাসহ প্রায় ৭৪ জন কর্মকর্তা ও কর্মচারীকে নির্মমভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দেওয়া এবং সেনাবাহিনীর মনোবল ধ্বংস করার গভীর চক্রান্ত ছিল বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, আল্লাহর অশেষ রহমতে দেশের জনগণ তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় ঘুরে দাঁড়িয়েছে।
বিএনপি মহাসচিব প্রতিশ্রুতি দিয়ে বলেন, এ জঘন্য হত্যাকাণ্ডের একটি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা হবে। দায়ী ব্যক্তিদের পাশাপাশি নেপথ্যে জড়িত শক্তিগুলোকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।
বিবৃতিতে দলটির পক্ষ থেকে পিলখানায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির প্রধান লক্ষ্য হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত করা এবং বাংলাদেশকে একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা।