আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুর-এর। এই বিষয়ে শিগগির প্রজ্ঞাপন জারি করা হবে
বুধবার (২৫ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা যায়।
মোস্তাকুর রহমান ২০২৪ সালের মে মাসে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পান। এর আগে তিনি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক ছিলেন।
কর্পোরেট ও শিল্প অর্থায়নে দীর্ঘ অভিজ্ঞতা
জানা গেছে, মোস্তাকুর রহমান তিন দশকেরও বেশি সময় ধরে কর্পোরেট অর্থায়ন, শিল্প ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ে কাজ করছেন। বর্তমানে তিনি হেরা সোয়েটার্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকিং খাত ও রপ্তানি অর্থনীতি সংক্রান্ত নীতিনির্ধারণী পর্যায়েও তিনি সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
তিনি বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর বাংলাদেশ ব্যাংক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এর বোর্ড সদস্য ছিলেন।
এছাড়া তিনি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই), রিহ্যাব এবং অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর সদস্য। তিনি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর একজন ফেলো মেম্বার।
দক্ষতা ও বিশেষায়ন
মোস্তাকুর রহমানের বিশেষ দক্ষতার ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে আর্থিক ব্যবস্থার সুশাসন, ব্যাংকিং ও শিল্প অর্থায়ন, প্রাতিষ্ঠানিক ঝুঁকি তদারকি, রপ্তানি ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা। করপোরেট ও রেগুলেটরি কমপ্লায়েন্স নিশ্চিত করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে জানা গেছে।
শিক্ষাজীবন
১৯৬৬ সালে জন্মগ্রহণকারী মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়-এর হিসাববিজ্ঞান বিভাগ থেকে বি.কম (অনার্স) ও মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়া ১৯৯২ সালে আইসিএমএবি থেকে পেশাদার ডিগ্রি অর্জন করেন।
অর্থনীতি ও ব্যাংকিং খাতে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই পেশাজীবীর নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংকের নীতি ও সংস্কার কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা করা হচ্ছে।