‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে শেখ মো. সাজ্জাত আলী ঢাকা মহানগর পুলিশ—ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)—এর কমিশনার পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)-এর কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর একদিন আগে, মঙ্গলবার নতুন আইজিপি হিসেবে নিয়োগ পান আলী হোসেন ফকির। তার নিয়োগের পরদিনই ডিএমপি কমিশনারের পদত্যাগের খবর এলো, যা প্রশাসনিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
শেখ মো. সাজ্জাত আলী ২০২৪ সালের ২০ নভেম্বর দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান ডিএমপি কমিশনার হিসেবে। সে অনুযায়ী তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৬ সালের ২১ নভেম্বর। তবে নির্ধারিত মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিলেন।
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীতে পুনর্বিন্যাস প্রক্রিয়া শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ডিএমপি কমিশনার পদে পরিবর্তনের গুঞ্জন চলছিল। এখন তার পদত্যাগের পর ওই পদে নতুন নিয়োগের বিষয়টি সামনে এসেছে।
পদত্যাগপত্র গ্রহণ ও নতুন কমিশনার নিয়োগের বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হয়নি।