প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আলী হোসেন ফকিরকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে নবনিযুক্ত আইজিপিকে র্যাঙ্ক ব্যাজ পরান প্রধানমন্ত্রী। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
আলী হোসেন ফকির বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছে পুলিশের ‘গার্ড অব অনার’ গ্রহণ করেন এবং এরপর দায়িত্বভার গ্রহণ করেন। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদানের পর থেকে আলী হোসেন ফকির নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার এবং বিভিন্ন এপিবিএন ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে ডিআইজি হিসেবে কাজ করেছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি এবং ১৫তম বিসিএস ব্যাচের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে বিকম (অনার্স), এমকম ও এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।