দেশের নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কার্যক্রম জোরদার করতে ৮ সদস্যের একটি বিশেষ সেল গঠন করেছে সরকার। গত ২৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সেলের সভাপতি করা হয়েছে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে। সদস্য হিসেবে থাকবেন ভূমি, কৃষি, স্থানীয় সরকার, পানি সম্পদ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিবরা।
এ ছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এর প্রধান প্রকৌশলী এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর মহাপরিচালক সেলের সদস্য হিসেবে যুক্ত থাকবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে সদস্যসচিব করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সেলটি নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখননের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। বিভিন্ন সংস্থার চলমান প্রকল্পের মধ্যে সমন্বয় সাধন করবে এবং খনন কার্যক্রম পর্যালোচনা করে সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে।
পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়াতে প্রচার কার্যক্রম গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে। প্রয়োজন হলে সদস্যরা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবেন।
সেলের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় দাপ্তরিক সহায়তা পানি সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রদান করা হবে। প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই আদেশটি কার্যকর হয়েছে বলে জানানো হয়।