বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ ৯০তম জন্মবার্ষিকী। যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর শহীদ হন নূর মোহাম্মদ। বাবা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছার সন্তান নূর মোহাম্মদ ছোটবেলায় বাবা-মাকে হারান। সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে তিনি ইপিআরে যোগ দেন।
১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি নূর মোহাম্মদ পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর), যা বর্তমানে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি), যোগদান করেন। দীর্ঘদিন দিনাজপুর সীমান্তেএই বাহিনীতে চাকরি করার পর ১৯৭০ সালের ১০ জুলাই যশোর সেক্টরে বদলি হয়ে পরবর্তী সময়ে ল্যান্স নায়েকে পদোন্নতি পান।
নূর মোহাম্মদ ১৯৭১ সালে যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ৮ নম্বর সেক্টর কমান্ডার ছিলেন কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মেজর এস এ মঞ্জুর। নূর মোহাম্মদ যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের বয়রা অঞ্চলে ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে পাক হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ শত্রুমুক্ত করেন। ২০০৮ সালের ১৮ মার্চ মহিষখোলার নাম পরিবর্তন করে নূর মোহাম্মদনগর করা হয়।