বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ মোস্তাকুর রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ ব্যাংকে আসলে উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
এর আগে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, মোহাম্মদ মোস্তাকুর রহমানকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে চার বছরের মেয়াদে গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো।
নিয়োগকালে তিনি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংক থেকে বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা গ্রহণ করবেন। নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়াদি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
নতুন গভর্নর মোস্তাকুর রহমান কর্পোরেট ফাইন্যান্স, রফতানি, অর্থনীতি, প্রাতিষ্ঠানিক সুশাসন এবং আর্থিক ব্যবস্থাপনায় অভিজ্ঞ একজন বিশেষজ্ঞ। তিনি ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া, তিনি আইসিএমএবি’র ফেলো এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নতুন গভর্নরের দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও অতিরিক্ত পরিচালক পদে কিছু বদলিও আনা হয়েছে। গভর্নর সচিবালয়ের অতিরিক্ত পরিচালক পদেও পরিবর্তন হয়েছে।